ইথিওপিয়ার দ্বিতীয় বৃহত্তম অঞ্চল আমহারাতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। সেনাবাহিনী ও স্থানীয় ফানো মিলিশিয়া গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষের পর শুক্রবার (৪ আগস্ট) এ পদক্ষেপ নেয় দেশটির সরকার। কেন্দ্রীয় সরকারের কাছে আঞ্চলিক সরকারের অতিরিক্ত সহযোগিতার আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। খবর রয়টার্স। 

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রচলিত আইন ব্যবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করা জরুরি হয়ে পড়েছিল। এ ঘোষণার ফলে সরকার জমায়েত নিষিদ্ধ, পরোয়ানা ছাড়া গ্রেফতার ও কারফিউ জারি করতে পারবে।

বিক্ষোভকারীরা বলেছেন, আমহারাকে দুর্বল করার জন্য এমন নির্দেশ দিয়েছে সরকার। তবে কেন্দ্রীয় সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, জাতীয় ঐক্য নিশ্চিত করতেই আঞ্চলিক নিরাপত্তা বাহিনীর সদস্যদের পুলিশ কিংবা সেনাবাহিনীতে একীভূত করার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে, এ সংঘাতের ফলে যুক্তরাষ্ট্র ও কানাডা আমহারা থেকে তাদের নাগরিকদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।

প্রসঙ্গত, গত এপ্রিলে ইথিওপিয়ার ১১টি অঞ্চলের নিরাপত্তা বাহিনীকে পুলিশ বা সেনাবাহিনীতে একীভূত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী আবি আহমেদ। তার ওই নির্দেশের পরই আমহারাজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়।