গাজায় যুদ্ধবিরতি শুরুর আগে সতর্কবার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনায় ব্যর্থ হলে তার দেশ হামাসের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত। খবর বিবিসি।
রোববার (১৯ জানুয়ারি) যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা আগে দেয়া এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু জোর দিয়ে বলেন, এই যুদ্ধবিরতি ‘অস্থায়ী’ এবং গাজায় আঘাত হানার অধিকার এখনো রয়েছে ইসরায়েলের।
নেতানিয়াহু এ সময় তার সাম্প্রতিক ১৫ মাসের সামরিক অভিযানের সাফল্যের কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা। তিনি বলেন, আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি এবং হামাস এখন সম্পূর্ণ একা।
স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৩০ মিনিট থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।
শনিবারের ভাষণের আগে নেতানিয়াহু বলেছিলেন যে, হামাসের মুক্তি দেয়া বন্দিদের তালিকা পাওয়ার আগে ইসরায়েল চুক্তি কার্যকর করবে না। টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইসরায়েল চুক্তির লঙ্ঘন সহ্য করবে না।
ইসরায়েলি গণমাধ্যমে হামাসের মুক্তি দেয়া ৩৩ বন্দির একটি দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে, তবে এটি এখনো কর্তৃপক্ষের দ্বারা নিশ্চিত করা হয়নি। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার মুক্তি দেয়া ৩ বন্দির নাম এখনো পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েল গাজায় হামাস ও ইসলামিক জিহাদের স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর থেকে গাজায় ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে হামাসের কর্মকর্তারা জানিয়েছেন।
পরবর্তী কয়েক সপ্তাহে, হামাসের হাতে থাকা ৩৩ জন বন্দিকে ১ হাজার ৮৯০ জন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে মুক্তি দেয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েল গাজা থেকে তাদের বাহিনী প্রত্যাহার শুরু করবে।










