কানাডার একটি জনপ্রিয় অ্যাকোরিয়াম ও থিম পার্কে চার বছরে ১৪টি তিমি ও একটি ডলফিনের মৃত্যু হয়েছে। এ সব বন্দি প্রাণীর মৃত্যুর কারণ উদঘাটন না হওয়ার নানামুখী প্রশ্ন উঠেছে। খবর দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মৃত তিমির ১৩টি বেলুগাস ও একটি অর্কা প্রজাতির। ধারণা করা হচ্ছে, চার দশক অ্যাকোরিয়ামে বন্দী থাকার পর ব্যাকটেরিয়া সংক্রমণে মারা গেছে বিশ্বের নিঃসঙ্গতম অর্কা কিসকা। তবে বাকি তিমির মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।

অন্টারিও প্রদেশের প্রাণী কল্যাণ সংস্থা ২০২০ সাল থেকে মেরিনল্যান্ড নামের ওই থিম পার্ক ১৬০ বার পরিদর্শন করে। পরের বছর প্রতিবেদনে বলা হয়, অ্যাকোরিয়ামের পানির গুণগত পরিবর্তনের কারণে তিমিগুলো সমস্যায় পড়েছে।

প্রাণী কল্যাণ সংস্থা পার্কের পরিবেশ আরো উন্নত করার নির্দেশ দিলেও কর্তৃপক্ষ যথাযথ ব্যাবস্থা নেয়নি। এমন অভিযোগ করছে স্থানীয় গণমাধ্যমগুলো।

চলতি বছরে তিনটি কালো ভাল্লুকের জন্য যথাযথ পরিবেশ দিতে ব্যর্থ হওয়ায় মেরিনল্যান্ডকে অভিযুক্ত করা হয়।

এ পার্কের যাত্রা ১৯৬১ সালে। নাম মেরিনল্যান্ড হলেও এখানে ভাল্লুক, বাইসন, এলক ও হরিণসহ নানা প্রজাতির স্থলচর প্রাণী রয়েছে।