রোমানিয়ার রাজধানী বুখারেস্টের ক্রেভেডিয়ায় একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস স্টেশনে দুটি বিস্ফোরণে একজন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে। খবর রয়টার্স।
দেশটির সরকারের জরুরি প্রতিক্রিয়া ইউনিট জানায়, প্রথম বিস্ফোরণের পর আগুন দুটি জ্বালানি ট্যাংক ও কাছাকাছি একটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এরপর সংশ্লিষ্ট প্রশাসন ৭০০ মিটারের মধ্যে সবাইকে সরিয়ে নিয়ে যায় এবং অঞ্চলটির প্রধান সড়কে যান চলাচল বন্ধ ছিল।
জরুরি প্রতিক্রিয়া ইউনিটের দায়িত্বে থাকা উপস্বরাষ্ট্রমন্ত্রী রায়েদ আরাফাত সাংবাদিকদের জানান, শনিবার সন্ধ্যায় এলপিজি স্টেশনে দ্বিতীয় বিস্ফোরণে ২৬ জন দমকল কর্মী আহত হয়। রোববার সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং প্রসিকিউটর জেনারেল তদন্তের দায়িত্ব নিয়েছেন। দেশটির সরকার জানায়, আহতদের বেশির ভাগই দমকল কর্মী।
গ্যাস স্টেশনটির পরিচালনার অনুমোদন নেই বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়। পেট্রেল বা ডিজেলের তুলনায় সস্তা হওয়ায় পূর্ব ইউরোপে এলপিজি ব্যাপকভাবে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।










