অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের
ভিসা দেবে না ভারত। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে
অনলাইনে ভারতের ভিসা আবেদন কেন্দ্র বিএলএস ইন্টারন্যাশনাল। যেখানে বলা হয়, ‘অপারেশনাল
বা পরিচালনাগত কারণে’ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভারতীয় ভিসা পরিষেবা স্থগিত
করা হয়েছে। খবর এনডিটিভি।
খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং
নিজারের হত্যাকাণ্ড নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্য ঘিরে সম্প্রতি
ভারতের সঙ্গে দেশটির কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে রয়েছে।
অবশ্য ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়া
বিএলএস ইন্টারন্যাশনাল এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। যেখানে লেখা রয়েছে, ‘ইন্ডিয়ান
মিশনের তরফে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত পরিচালনাগত
কারণে ২১ সেপ্টেম্বর ২০২৩ থেকে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা পরিষেবা স্থগিত করা
হলো।’
হিন্দুস্তান টাইমস বলছে, এর আগে কানাডা
জানিয়েছিল, ভারতে নিজেদের কূটনীতিবিদদের সুরক্ষার জন্য ব্যবস্থা নিচ্ছে দেশটি। তখন
বলা হয়, সামাজিক মাধ্যমে হুমকি পেয়েছেন কর্মকর্তারা।
গত জুন মাসে কানাডার ভ্যাঙ্কুভারে গুলিতে
নিহত হন নিজার। চলতি মাসে দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ফাঁকে কানাডায় সক্রিয়
সশস্ত্র খালিস্তানপন্থীদের বিষয়টি সামনে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই হত্যাকাণ্ডের
অভিযোগ আনেন ট্রুডো। তবে ভারতে একে ‘অযৌক্তিক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অস্বীকার করেছে।
কভিড-১৯ মহামারীর পর এ প্রথমবার কানাডা
থেকে ভিসা পরিষেবা বন্ধ করল দিল্লি।










