এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন  হার্ভার্ড  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লদিয়া গোলডিন। আজ সোমবার (৯ অক্টোবর) বিকেলে তার নাম ঘোষণা করে নোবেল কমিটি। নারীদের শ্রম বাজার সম্পর্কে ধারণার উন্নতির জন্য তাকে এ পুরস্কারটি দেওয়া হচ্ছে। 

ক্লডিয়া গোল্ডিন ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।

নোবেল কমিটি জানিয়েছে, বিশ্বব্যাপী শ্রমবাজারে নারীদের অবদান খুব একটা উপস্থাপিত হয় না। কাজের ক্ষেত্রেও তারা পুরুষদের তুলনায় কম মজুরি পান। গোল্ডিন এ বিষয়ে ২০০ বছরেরও বেশি সময়ের তথ্য সংগ্রহ করেছেন। এর মাধ্যমে তিনি দেখিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে এবং কেন উপার্জন ও কর্মসংস্থানের হারে লিঙ্গ পার্থক্য পরিবর্তিত হয়েছে।

গত ২ অক্টোবর থেকে শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। গত ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে, ৩ অক্টোবর পদার্থে, ৪ অক্টোবর রসায়নে, ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোসণা করা হয়। দুদিন বিরতি দিয়ে আজ ঘোষণা করা হলো অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।