ইরানের হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে শনিবার এক অজানা উৎসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮-তে দাঁড়িয়েছে। এছাড়া, এ বিস্ফোরণে প্রায় ৮০০ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি আজ রোববার হালনাগাদ এ তথ্য জানিয়েছেন। খবর এপি।

ইরান ও যুক্তরাষ্ট্র ওমানে তাদের তৃতীয় দফার পরমাণু আলোচনা শুরু করার সময়েই বিস্ফোরণটি ঘটেছিল। তবে দুই ঘটনাটির মধ্যে সম্পর্ক থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

রাজাই বন্দরে রাসায়নিক পদার্থ ভুলভাবে সংরক্ষণের জন্য বিস্ফোরণটি ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেন জাফারি শাহিদ। ইরানের আইএলএনএ নিউজ এজেন্সিকে তিনি বলেন, বিস্ফোরণের কারণ ছিল কন্টেইনারে থাকা রাসায়নিক পদার্থগুলো।

তবে, ইরানি সরকারের এক মুখপাত্র বলেছেন, রাসায়নিক পদার্থ বিস্ফোরণটির কারণ হতে পারে, তবে সঠিক কারণ নির্ধারণ করা এখনো সম্ভব হয়নি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। শাহিদ রাজাই পোর্টে আগুন নেভাতে হেলিকপ্টার ও বিমান থেকে পানি ফেলা হয়েছে রাতভর। বিস্ফোরণের প্রায় ১০ ঘণ্টা পর প্রেস টিভি রিপোর্ট করেছে যে, আগুন আরো তীব্র হয়েছে।