ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলায় কমপক্ষে ২২
জন ইসরায়েলি নিহত হয়েছে বলে এনটুয়েলভ নিউজের বরাতে খবর দিয়েছে রয়টার্স। ইসরায়েলি দখলদারির
বিরুদ্ধে নতুন অভিযানের অংশ হিসেবে শনিবার ইসরায়েলের দিকে একের পর এক রকেট ছুড়েছে বলে
জানিয়েছে হামাস। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু বলেছেন, আমরা যুদ্ধের
মধ্যে আছি। হামলার জন্য হামাসকে নজিরবিহীন মূল্যও চুকাতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তারা প্রায় ২৫০০ রকেট ছুঁড়েছে
ইসরায়েলে। এছাড়া সমুদ্র, স্থলপথ এবং প্যারাগ্লাইড করে অস্ত্রধারীরা ইসরায়েলে ঢুকে পড়েছে।
রকেট হামলার জবাবে ইসরায়েল হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তারা হামাসের প্রায় ১৭টি স্থাপনা লক্ষ্য
করে হামলা চালিয়েছে।
অন্যদিকে হামাসের দাবি, ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে নতুন অভিযানের অংশ হিসেবে
তারা রকেটগুলো ছুড়েছে। এ অভিযানে ৫ হাজারের বেশি রকেট ছুড়েছে বলে জানিয়েছে হামাস।
এর আগে গাজা থেকে একের পর এক রকেট ছোড়ায় ইসরায়েলি সামরিক বাহিনী এক ঘণ্টারও
বেশি সময় ধরে দেশের দক্ষিণ ও মধ্য এলাকা জুড়ে সাইরেন বাজিয়ে সতর্ক করে জনগণকে নিরাপদ
আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার আহ্বান জানায়।
হামাসের হামলার কয়েক ঘণ্টা পর নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। আজ সকালে
ইসরায়েল রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে হামলা চালিয়েছে হামাস। আমি সর্বোচ্চ সংখ্যায়
রিজার্ভ সেনাদের সমবেত করার নির্দেশ দিয়েছি, যাতে এমন বড় ও তীব্র পাল্টা হামলা চালানো
যায়, শত্রুপক্ষ আগে কখনোই যেমন হামলার সম্মুখীন হয়নি।










