আফ্রিকার প্রকৃত আকার তুলে ধরতে ‘মার্কেটর ম্যাপ’ ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। সংস্থাটি সদস্যদেশগুলোর সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে ষোলো শতকে তৈরি এ মানচিত্রের বদলে এমন মানচিত্র ব্যবহার করতে বলেছে, যা আফ্রিকার ভূগোলকে সঠিকভাবে উপস্থাপন করে।
ডাচ মানচিত্রশিল্পী জেরার্ডাস মার্কেটর মূলত সমুদ্রপথে দিকনির্দেশনার জন্য এ মানচিত্র তৈরি করেছিলেন। তবে এতে মহাদেশগুলোর আকার বিকৃতভাবে দেখানো হয়। যেমন বাস্তবে গ্রিনল্যান্ড ও উত্তর আমেরিকা অনেক ছোট হলেও এ মানচিত্রে সেগুলোকে বড় দেখানো হয়েছে। একইভাবে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকাকে দেখানো হয় ছোট করে। এসব কারণে মার্কেটর ম্যাপের সমালোচনা নতুন নয়। তবে ‘আফ্রিকা নো ফিল্টার’ এবং ‘স্পিক আপ আফ্রিকা’ নামের দুটি সংস্থার উদ্যোগে শুরু হওয়া ‘কারেক্ট দ্য ম্যাপ’ ক্যাম্পেইন এ বিতর্ককে নতুন করে সামনে এনেছে। তাদের প্রচারণায় ২০১৮ সালে তৈরি ‘ইকুয়াল আর্থ প্রজেকশন’ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে, যাতে দেশগুলোর প্রকৃত আকার দেখানো হয়। সম্প্রতি আফ্রিকান ইউনিয়নের ৫৫টি সদস্যরাষ্ট্র এ ক্যাম্পেইনকে সমর্থন জানিয়েছে।
আফ্রিকান ইউনিয়ন কমিশনের ডেপুটি চেয়ারপারসন সেলমা মালিকা হাদ্দাদি রয়টার্সকে বলেন, ‘এটি কেবল একটি মানচিত্র নয়, এর মাধ্যমে আফ্রিকাকে ছোট দেখানো হয়, অথচ এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এবং জনসংখ্যা ১০০ কোটির বেশি।’ তার মতে, মার্কেটর ম্যাপের কারণে শিক্ষা, গণমাধ্যম ও নীতি প্রণয়নে ভ্রান্ত ধারণা তৈরি হয়।
আফ্রিকা নো ফিল্টারের নির্বাহী পরিচালক মকি মাকুরা বলেন, ‘আফ্রিকাকে মানচিত্রে যেভাবে দেখানো হয় তা ভুল। এটি বিশ্বের দীর্ঘতম বিভ্রান্তিকর তথ্যপ্রবাহের উদাহরণ, যা অবশ্যই বন্ধ হওয়া দরকার।’
স্পিক আপ আফ্রিকার সহপ্রতিষ্ঠাতা ফারা এনদিয়ায়ে বলেন, ‘আমরা চাই, আফ্রিকার সব শ্রেণীকক্ষে ইকুয়াল আর্থ প্রজেকশন মানচিত্র হিসেবে ব্যবহৃত হোক।’
আফ্রিকান ইউনিয়ন বলছে, এ উদ্যোগ উপনিবেশবাদ ও দাসপ্রথার উত্তরাধিকার মোকাবেলা এবং বৈশ্বিক পরিসরে আফ্রিকার যথাযথ অবস্থান পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে। এ লক্ষ্যে সদস্যদেশগুলোর সঙ্গে যৌথ পদক্ষেপের কথাও জানিয়েছেন হাদ্দাদি।
যদিও মার্কেটর ম্যাপ এখনো অনেক স্কুল ও প্রযুক্তিপ্রতিষ্ঠানে ব্যবহৃত হয় গুগল ম্যাপস ২০১৮ সাল থেকে ডেস্কটপ সংস্করণে মার্কেটরের পরিবর্তে একটি থ্রিডি গ্লোব ব্যবহার শুরু করেছে। তবে ব্যবহারকারীরা চাইলে এখনো মার্কেটর ভিউতে ফিরে যেতে পারে।










