অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ভারত ও অস্ট্রেলিয়া অভিবাসন চুক্তি ঘোষণা করেছে। আজ বুধবার (২৪ মে) সিডনিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বৈঠকের পর এই ঘোষণা আসে। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থী, একাডেমিক গবেষক ও ব্যবসায়ীদের দ্বিমুখী চলাচল গতিশীল করার লক্ষ্যে এই চুক্তি।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী।

ভারত ও অস্ট্রেলিয়া চার সদস্যের গ্রুপ কোয়াডের সদস্য। অন্য দুই অংশীদার জাপান ও যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে সিডনিতে কোয়াডের নির্ধারিত বৈঠক ছিল। মার্কিন প্রেসিডের্ট জো বাইডেনের অনুপস্থিতির কারণে তা বাতিল হয়।

জাপানে জি৭ শীর্ষ সম্মেলনে যোগদান ও পাপুয়া নিউ গিনি সফরের পর সিডনিতে পূর্বপরিকল্পিত সফর অব্যাহত রেখেছেন মোদি। এ সফরে খানি ও সবুক হাইড্রোজেন প্রকল্পও গুরুত্ব পেয়েছে।

২০১৪ সালের পর এটি নরেন্দ্র মোদির প্রথম অস্ট্রেলিয়া সফর। এর আগে গত মার্চে ভারত সফর করেন আলবানিজ।

এই অভিবাসন চুক্তির জন্য দেশ দুটি কয়েক বছর ধরে আলোচনা করছিল। অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় রয়েছে। ২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ায় দশ লাখের বেশি অভিবাসী গ্রহণ করে। যার প্রায় এক-চতুর্থাংশই ভারতীয়।

বিবৃতি অনুসারে, চূড়ান্ত অভিবাসন চুক্তি এমএটিইএস (মোবিলিটি অ্যারেঞ্জমেন্ট ফর ট্যালেন্টেড আর্লি প্রফেশনাল স্কিম) নামে একটি নতুন স্কিমের দিকে চালিত হবে। যা বিশেষভাবে ভারতের জন্য তৈরি।

ভারত ও অস্ট্রেলিয়া বিস্তৃত অর্থনৈতিক সহযোগিতা চুক্তির নিয়েও কাজ করছে। এ আলোচনা শুরু হয়েছিল এক দশকেরও বেশি আগে।