চাঁদে নভোযান পাঠানোর মাধ্যমে নতুন রেকর্ড করেছিল ভারত। দুই সপ্তাহের সফল পর্যবেক্ষণ শেষে রোভারটিকে নিষ্ক্রিয় করে দিয়েছে দেশটি। এর মাধ্যমে অভিযানও শেষ হলো। এটি চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম যান। ভারতের মহাকাশ সংস্থা ইসরো এ তথ্য নিশ্চিত করছে। খবর রয়টার্স।

এক্স-এ (টুইটার) দেয়া এক বার্তায় ইসরো জানায়, চন্দ্রযান-৩ মহাকাশযান থেকে প্রজ্ঞান রোভারটিকে স্লিপ মোডে নেয়া হয়েছে। তবে এটির ব্যাটারি চার্জ করা রয়েছে, রিসিভারও চালু আছে।

ইসরো বলছে, অন্য অভিযানের জন্য এটিকে ফের সক্রিয় করা হতে পারে। অন্যথায় এটি চিরকাল ভারতের চন্দ্রদূত হিসেবে সেখানে থাকবে। ২০১৯ সালে একটি ব্যর্থ প্রচেষ্টার পর চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে সফল হয়। এর আগে যুক্তরাষ্ট্র, চীন ও সাবেক সোভিয়েত ইউনিয়ন চাঁদে পৌঁছতে পারলেও দক্ষিণ মেরু স্পর্শ করতে পারেনি কোনো দেশ। ভারতের পাশাপাশি রাশিয়াও লুনা-২৫ নামে একটি মিশন চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানোর চেষ্টা করেছিল। শেষ সময়ে তা ব্যর্থ হয়।

ইসরো বলছে, এরই মধ্যে প্রজ্ঞান চাঁদে সালফার, লোহা, অক্সিজেন ও অন্যান্য উপাদানের উপস্থিতি নিশ্চিত করেছে।