আলাস্কায় অনুষ্ঠেয় ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে আশা প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছেন উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। খবর বিবিসি।

ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের উদ্দেশ্যে প্রেসিডেনশিয়াল বাহন এয়ারফোর্স ওয়ানে আরোহণের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, হাই স্টেকস! এ দিয়ে তিনি বুঝিয়েছেন, পুতিনের সঙ্গে তার আলোচনার ফল যেটাই হোক, তার মূল্য হবে অনেক চড়া।

ট্রাম্পের বক্তব্যের সমর্থনে জেলেনস্কি বলেছেন, অবশ্যই, হাই স্টেকস। এ বৈঠকের মাধ্যমে যথার্থ শান্তি প্রতিষ্ঠার দ্বার উন্মোচন হওয়া উচিত। পাশাপাশি, ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের ক্ষেত্রও এখানে প্রতিষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

গত সপ্তাহে অনেকটা আকস্মিকভাবেই পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। সংশ্লিষ্ট সব পক্ষের ভালোর জন্যই কিছু ভূমির মালিকানা বদলের প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।