রাশিয়র অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে কিয়েভের হামলায় দেশটির ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভসহ ৩৪ জন কর্মকর্তা নিহত হওয়ার দাবি করছে ইউক্রেন। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) এ হামলা চালানো হয়।

ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, হামলার সময় সেভাস্তোপলে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের সদর দফতরে নেী কর্মকর্তারা বৈঠক করছিলেন। 

দেশটির সামরিক বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানায়, ‘ব্ল্যাক সি ফ্লিটের সদর দফতরে হামলার পর কমান্ডারসহ ৩৪ জন কর্মকর্তা মারা গেছে। আহত হয়েছেন আরো ১০৫ জন। সদর দপ্তরের ভবনটি পুরোপুরি বিধ্বস্ত।’

ইউক্রেনের এ দাবির পর সবার চোখ মস্কোর দিকে। কিন্তু রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে এর আগে তারা জানিয়েছিল, রাশিয়ার ভূমিতে হামলা করেছে ইউক্রেন । ওই হামলার পর তাদের একজন কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। 

তবে গার্ডিয়ান ইউক্রেনের এই দাবির সত্যতা এখনো যাচাই করতে পারেনি। তারা কীভাবে নিহত ও হতাহতের সংখ্যা গণনা করল বিষয়টি পরিষ্কার নয়। এমনকি সোকোলভের কাছের আত্মীয়রা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

চলতি সপ্তাহে ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর প্রধান কিরিলো বুদানভ ভয়েস অব আমেরিকাকে জানান, শুক্রবারের হামলায় কমপক্ষে নয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। তবে তিনি সোকোলভের মৃত্যুর কথা উল্লেখ করেননি। আলেকজান্ডার রোমানচুক নামের একজনের অবস্থা হামলার পর গুরুতর ছিল। 

গতবছর ইউক্রেনে রুশ হামলার পর থেকেই উভয় দেশেরই অনেক মানুষ নিহত হয়েছে। প্রায় ১৯ মাস ধরে চলা যুদ্ধ দুই প্রতিবেশী দেশ নয়, সারা বিশ্বকে প্রভাবিত করছে।