অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে রোববার সামরিক মহড়ার সময় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় তিন মার্কিন মেরিন সেনা মারা গেছেন। মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স।

মেরিন রোটেশন ফোর্স-ডারউইন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উড়োজাহাজের অন্য পাঁচজনকে গুরুতর অবস্থায় রয়্যাল ডারউইন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় টিল্ট-রোটার এমভি-২২বি অসপ্রে উড়োজাহাজটিতে ২৩ জন মেরিন সেনা ছিলেন। তারা এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে। 

উত্তর টেরিটরি পুলিশ কমিশনার মাইকেল মারফি জানান, স্থানীয় সময় সকাল ৯টার পর দুর্গম তিউই দ্বীপপুঞ্জে দুর্ঘটনাটি ঘটে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এ উড়োজাহাজ দুর্ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন। তিনি জানান, এ দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান কর্মীরা জড়িত ছিলেন না।