মানব পাচার বন্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোয় আরো বৈধ অভিবাসী নেয়া উচিত বলে মন্তব্য করেছেন ইতালির প্রেসিডেন্ট সার্জো মাত্তারেল্লা। সাগরপথে ইতালিতে পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর ঢল যখন বাড়ছে তখন তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্স।
উত্তর আফ্রিকা থেকে ইতালিতে পাড়ি দেয়া মানুষের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে এক লাখ ছাড়িয়ে গেছে। ইতালির ডানপন্থী সরকার অবৈধ অভিবাসন রুখতে দমনাভিযান চালিয়েও মানুষের ঢল কমাতে পারছে না। এমন পরিস্থিতিতেই বিষয়টি সামাল দিতে ইইউ পর্যায়ে ব্যবস্থা নেয়ার ডাক দিলেন মাত্তারেল্লা।
ইতালির রিমিনি নগরীতে আয়োজিত এক কনফারেন্সে মাত্তারেল্লা বলেন, ‘এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমানোর ঘটনা যেভাবে চলছে তা সামলাতেই হবে। বিশ্বজুড়ে মানুষের এ গতিবিধি দেয়াল তুলে কিংবা বেষ্টনি দিয়ে থামানো যাবে না।’
ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সরকার প্রেসিডেন্ট মাত্তারেল্লার পরামর্শ আংশিক অনুসরণ করেছে। গত জুলাইয়ে প্রশাসন জানায়, তারা ইইউবহির্ভূত দেশগুলোর অভিবাসী শ্রমিকদের ইতালিতে প্রবেশের কোটা ২০২৩-২৫ সালের জন্য বাড়িয়ে ৪ লাখ ৫২ হাজার করবে। কিন্তু বিভিন্ন কোম্পানি ও ইউনিয়নের অনুরোধের তুলনায় এ সংখ্যা ৮ লাখ ৩৩ হাজারেরও নিচে।










