যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে টানা ভারি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। গুয়াডালুপ নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ। নিখোঁজ অন্তত ২৩ জন। আল জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে কাজ করছেন।
সংবাদমাধ্যম জানায়, নদীতীরে একটি সামার ক্যাম্প থেকে ২৩ জন কিশোরী ভেসে গেছেন। প্রবল বর্ষণে নদীর পানি উপচে ক্যাম্পটি প্লাবিত হয়।
কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, অন্তত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা কার কাউন্টির জন্য ‘ফ্ল্যাশ ফ্লাড’ বা আকস্মিক বন্যার জরুরি সতর্কতা জারি করেছে। এলাকাটিতে মাত্র কয়েক ঘণ্টায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়।
কারভিল শহরের ব্যবস্থাপক ডাল্টন রাইস সাংবাদিকদের জানান, আকস্মিক বন্যাটি খুব ভোরে এবং হঠাৎ করে ঘটে। রাডারেও সঠিক পূর্বাভাস পাওয়া যায়নি। মাত্র ২ ঘণ্টার ব্যবধানে বিপর্যয় নেমে আসে। ফলে প্রশাসনের পক্ষে আগাম সতর্কতা দেয়া বা কাউকে সরিয়ে নেয়া সম্ভব হয়নি।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, ক্যাম্পটিতে ৭০০ জনের বেশি শিশু-কিশোর ছিল। তাদের মধ্যে ২৩ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এর মানে এই নয় যে তারা মারা গেছে। তারা হয়তো গাছে উঠে আশ্রয় নিয়েছে এবং এখনো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে।
তিনি জানান, বৃষ্টিপাতের সময় নদীর পানি ৪৫ মিনিটে আট মিটার (২৬ ফুট) পর্যন্ত বেড়ে যায়। উদ্ধারকাজ চালাতে ১৪টি হেলিকপ্টার এবং এক ডজন ড্রোন ব্যবহার করা হচ্ছে। এছাড়া শত শত কর্মী নদী ও আশপাশের গাছে আটকে থাকা মানুষদের উদ্ধারে নিয়োজিত রয়েছেন।
প্যাট্রিক আরো জানান, অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। হালকা বৃষ্টিতেও আবার প্লাবন হতে পারে। সান আন্তোনিও থেকে ওয়াকো পর্যন্ত অঞ্চলজুড়ে আগামী ২৪-৪৮ ঘণ্টা ফ্ল্যাশ ফ্লাডের ঝুঁকি থাকছে। একই সঙ্গে পশ্চিম ও মধ্য টেক্সাসেও সে ঝুঁকি বজায় রয়েছে।
রাষ্ট্র ও স্থানীয় কর্মকর্তারা জানান, নদীতীরবর্তী এলাকায় কাউকে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে, কারণ ওইসব এলাকায় বহু রাস্তা এখনো ডুবে আছে ও চলাচলের অনুপযোগী।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বাড়িঘর ও বিশাল বিশাল গাছ পানির তোড়ে ভেসে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ভয়াবহ পরিস্থিতি বলে অভিহিত করেছেন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট কার কাউন্টি ও আশপাশের কয়েকটি কাউন্টিকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছেন, যাতে জরুরি সহায়তা দ্রুত পৌঁছানো যায়।
মার্কিন কোস্টগার্ড ও ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এফইএমএ) সদস্যদের ঘটনাস্থলে নামানো হয়েছে। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছেন।










