সেনাবাহিনীর কোটাভুক্ত আইনপ্রণেতা এবং ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) আধিপত্য থাকা পার্লামেন্টে ভোট গণনা টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। তাতে মিন অং হ্লাইংকে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে দেখা যায়।
৬৯ বছর বয়সী এ জেনারেল ২০২১ সালে নোবেলজয়ী নেত্রী অং সান সু চির সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন। সু চিকে গ্রেফতারের পর দেশজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা পরবর্তী সময়ে জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়।
জেনারেল থেকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে মিন অং হ্লাইংয়ের এ উত্থান গত ডিসেম্বর ও জানুয়ারিতে হওয়া এক বিতর্কিত নির্বাচনের ধারাবাহিকতা। ওই নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত দল বড় ব্যবধানে জয়ী হয়। তবে সমালোচক ও পশ্চিমা সরকারগুলো একে সামরিক শাসন দীর্ঘায়িত করার একটি অপচেষ্টা হিসেবে দেখছে।









