উত্তর কোরিয়ায় ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে। এ উপলক্ষে গত শুক্রবার পিয়ংইয়ংয়ের কিম ইল-সুং স্কয়ারে কুচকাওয়াজের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন। আমন্ত্রিত অতিথি ছিলেন চীন ও রাশিয়ার প্রতিনিধিরা। আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও দেশ দুটির সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কিম। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এসব তথ্য জানিয়েছে।

কেসিএনএ জানায়, অনুষ্ঠানে কোরিয়ার নিয়মিত সেনাবাহিনীর পরিবর্তে আধাসামরিক বাহিনী প্রদর্শন করা হয়েছে। এছাড়া সেখানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ দেশীয় প্রযুক্তিতে তৈরীকৃত ভারী কোনো অস্ত্র প্রদর্শন করা হয়নি।

প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যায়, আধাসামরিক ব্রিগেডগুলো ইউনিফর্ম পরে প্যারেডে অংশ নিয়েছে। সেখানে কিছু লাল ট্রাক্টর ছিল, যেখানে কিম ও তার কন্যা হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি কিম। এছাড়া কুচকাওয়াজের নেতৃত্বে ছিলেন ‘‌শ্রমিক-কৃষক রেড গার্ডস’ নামে একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা, যার সদস্য সংখ্যা প্রায় ৫৭ লাখ।

কেসিএনএ জানিয়েছে, কুচকাওয়াজের আগে লিউসহ চীনা প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিম জং। সেখানে তারা উভয় দেশের মধ্যে বহুমুখী সমন্বয় ও সহযোগিতাকে আরো জোরদারের বিষয়ে আলোচনা করেন।

এর আগে গত জুলাইয়ে পিয়ংইয়ংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজ আয়োজন করা হয়। সেখানে উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো প্রদর্শন করা হয়। ওই অনুষ্ঠানেও আমন্ত্রিত অতিথি ছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য লি হংঝংসহ দুই দেশের প্রতিনিধি দল। এসব ঘটনার মাধ্যমে পশ্চিমা বিশ্বে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়াকে অস্ত্র সরবরাহের চেষ্টা করছে উত্তর কোরিয়া।