ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩। এখনো নিখোঁজ ১৪০ জনের বেশি। খবর টাইমস অব ইন্ডিয়া।
গতকাল সিকিম, জলপাইগুড়ি ও কোচবিহারে তিস্তা নদীর পাড় থেকে মোট ২৯টি মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে আটজন সেনাসদস্য ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে বৈরী আবহাওয়ায় শনিবার লাচেং ও লাচুংয়ে উদ্ধার তৎপরতা বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। রোববার ভোর থেকে আবারো শুরু হয় উদ্ধার অভিযান। সিকিমের পাশাপাশি জলপাইগুড়ি, কুচবিহার ও বাংলাদেশেও চলছে সন্ধানকাজ।
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছেন, চলমান বন্যায় ২২ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। চার হাজারের মতো পরিবারকে আশ্রয় দেয়া সম্ভব হয়েছে অস্থায়ী শরণার্থী শিবিরগুলোয়।
এদিকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই সিকিমে দেখা দিয়েছে প্রচণ্ড জ্বালানি সংকট। ফলে যানবাহনের জ্বালানি সীমা নির্ধারণ করে দিয়েছে রাজ্য প্রশাসন।
প্রতিটি গাড়ির জন্য সর্বোচ্চ ১৫ লিটার পেট্রল বরাদ্দ করা হয়েছে। এমন অবস্থায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতা এবং ত্রাণ পাঠানোর আহ্বান জানিয়েছে রাজ্য সরকার।










