ইরানের বিরুদ্ধে অভিযান ‘অপারেশন রাইজিং লায়ন’ এর সমস্ত লক্ষ্য অর্জন হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার রাদে মন্ত্রীসভায় জরুরি বৈঠক শেষে এ মন্তব্য করেছেন নেতানিয়াহু। খবর আল জাজিরার।
প্রতিরক্ষা মন্ত্রী ও মোসাদ প্রধানের সঙ্গে বৈঠক শেষে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ এর সমস্ত লক্ষ্য পূরণ করেছে, এর থেকেও বেশি কিছু অর্জন করেছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েল পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষেত্রের দুটি তাৎক্ষণিক অস্তিত্বগত হুমকি সরিয়ে ফেলেছে। ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, সামরিক নেতৃত্বকে মারাত্মক ক্ষতি করেছে ও ইরানের কেন্দ্রীয় সরকারের বহু লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।’
অভিযানের লক্ষ্য অর্জনের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে ইসরায়েল দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন হলে ইসরায়েল উপযুক্ত জবাব দেবে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।
এদিকে মঙ্গলবার ভোররাতে ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে। এ সময় বাসিজ বাহিনীর কয়েক শ সদস্যকে নির্মূল করা হয়েছে। ইরানে বিক্ষোভ দমন করতে দেশটির সরকার প্রায়ই এ মিলিশিয়া বাহিনীকে ব্যবহার করে থাকে।










