২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার জন্য ষড়যন্ত্র করার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে আদালতে তার বিরুদ্ধে আনীত এই অভিযোগ থেকে নিজেকে নির্দোষও দাবি করেছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) ওয়াশিংটন ডিসির একটি আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়ে। ওই শুনানিতে ট্রাম্প এ দাবি করেন । খবর বিবিসি।

সংক্ষিপ্ত শুনানিকালে সরকারপক্ষ ট্রাম্পকে আটকের আবেদন করেননি। তবে এর বিপরীতে তাকে বেশ কয়েকটি শর্ত দেয়া হয়েছে। আগামী ২৮ আগস্ট এ অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। এ সময়  ট্রাম্প খুব শান্তভাবে কথা বলেছেন। পাশাপাশি তিনি কোনো কিছুর দ্বারা প্রভাবিত নন বলেও জানিয়েছেন।পরে আদালত থেকে বেরিয়ে ট্রাম্প বলেন, এই মামলা রাজনৈতিক বিরোধীদের নিপীড়নের হাতিয়ার।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকার করেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তাঁর সমর্থকেরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল) হামলা চালান।