ইসরায়েলি সামরিক বাহিনী ও হামাসের মধ্যে লড়াইয়ের ফলে গাজার এক লাখ ২৩ হাজারের বেশি বাসিন্দাকে বাড়িঘর ছাড়তে হয়েছে। এ তথ্য দিয়েছে জাতিসংঘ। খবর এপি।

গত ৭ অক্টোবর সকালে আকস্মিক ইসরায়েলে হামলা চালায় গাজার নিয়ন্ত্রণকারী হামাস। এরপর দ্রুতই লড়াইয়ে নামে ইসরায়েল। ওই ঘটনায় দুইদিনে দুই পক্ষে এক হাজার ১০০ এর বেশি মানুষ মারা গেছেন।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয়ের তথ্য অনুসারে, গতকাল রোববার (৮ অক্টোবর) ইসরায়েলি বিমান হামলায় গাজা জুড়ে ১৫৯টি আবাসন ধ্বংস হয়ে গেছে এবং এক হাজার ২১০টি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২৫ জনের বেশি ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নেয়া একটি স্কুল সরাসরি আক্রান্ত হয়েছে বলেও জানানো হয়।

এদিকে উদ্ধারকারী সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলে অন্তত ৭০০ জন নিহত হয়েছে, যার মধ্যে ৪৪ জন সেনা রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই অঞ্চলে ৭৮ শিশু ও ৪১ জন নারীসহ ৪১৩ জন নিহত হয়েছেন।

উভয় পক্ষের প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছেন। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, নিরাপত্তা বাহিনী ৪০০ সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে ও কিছু এলাকা দখল করা হয়েছে।