যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপের ভয়াবহ
দাবানলের পেছনে কেবল টিভি ও বৈদ্যুতিক কোম্পানিরও দায় রয়েছে। এমন দাবি করছেন শহরের
বাসিন্দাদের নিযুক্ত আইনজীবীরা। লাহাইনা শহরের বাসিন্দা ও ব্যবসায়ীদের পক্ষে লড়ছেন
তারা। খবর এপি।
গত মাসে মার্কিন এ দ্বীপ রাজ্য হাওয়াইয়ে
ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ঐতিহাসিক লাহাইনা শহর প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়।
সম্প্রতি ইলেকট্রিক কোম্পানির গুদামে
রাখা বৈদ্যুতিক খুঁটি ও সরঞ্জাম পরিদর্শন করেন আইনজীবীরা। এরপর অভিযোগ করেন, আগুনের
সময় বৈদ্যুতিক খুঁটি অতিরিক্ত ভারি ও অস্থিতিশীল ছিল।
আইনজীবীরা জানান, বৈদ্যুতিক তার খুঁটির
ওপর খুব বেশি চাপ সৃষ্টি করেছিল। এর ফলে গত ৮ আগস্ট বাতাসে ঝুঁকে পড়ে ও ভেঙে যায়।
যা আগুনের লেলিহান শিখা ছড়াতে সাহায্য করে। এ ঘটনায় লাহাইনার বেশিরভাগ অংশ পুড়িয়ে
দেয়।
এ দাবানলে অঞ্চলটির কমপক্ষে ১১৫ জন
মারা যায় ও দুই হাজারেরও বেশি ঘরবাড়ি পুড়ে যায়।
মামলাটি লড়ছে লিপস্মিথ এলএলপি। সংস্থাটি
হাওয়াইয়ের রাজ্য আদালতে বৈদ্যুতিক কোম্পানি ও মাউই কাউন্টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে
অনুরোধ করে। একাধিক টেলিকমিউনিকেশন কোম্পানি এবং সরকারি ও বেসরকারি জমির মালিকদের মূল
মামলায় যুক্ত করার আবেদন করেছেন আইনজীবী গ্রাহাম লিপস্মিথ।
হাওয়াই ও ক্যালিফোর্নিয়া-ভিত্তিক
ফার্মটির সহ-প্রতিষ্ঠাতা ম্যারিবেথ লিপস্মিথ বলেন, এই বিপর্যয়ে সম্ভাব্য জড়িতদের সামনে আনতে ও আদালতে
আনার জন্য কিছু সময় লাগবে। আমার তদন্তে অনেক গুরুতর ব্যর্থতা প্রকাশ পেয়ছে। যা এ ভয়ংকর
ট্রাজেডির তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে।
এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত এক শতকেরও
বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল। প্রাকৃতিক দুর্যোগে সতর্ক করার জন্য দ্বীপে
সাইরেন ব্যবস্থা চালু থাকলেও দাবানলের সময় সেটি কাজ করেনি। এমনকি বিদ্যুৎ না থাকায়
ও মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় মানুষকে সতর্ক করা যায়নি।










