একুয়েডরের একটি কারাগারে ছয় বন্দিকে হত্যা করা হয়েছে। নিহতরা দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওর হত্যাকাণ্ডে সন্দেহভাজন ছিলেন। দেশটিতে দ্বিতীয় দফা নির্বাচনের এক সপ্তাহ আগে ঘটল এ হত্যাকাণ্ডের ঘটনা। খবর রয়টার্স।

১৫ অক্টোবর একুয়েডরে দ্বিতীয় দফা নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত আগস্টে দেশটির রাজধানী কুইটোয় এক নির্বাচনী প্রচার শেষে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ভিলাভিসেনসিও। তিনি দেশটির সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

কারা কর্তৃপক্ষ বলেছে, নিহত ছয়জন কলম্বিয়ার নাগরিক। তবে এ হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, একুয়েডরের গোইয়াকুইল শহরে ওই কারাগার অবস্থিত। কুখ্যাত অপরাধীদের রাখা হয় কারাগারটিতে। এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে একুয়েডর সরকার।

তবে দেশটির বিদায়ী প্রেসিডেন্ট গুইলারমো লাসো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) বলেছেন, ‘সত্য একদিন প্রকাশ পাবে।’ এছাড়া ভিলাভিসেনসিওর ব্যবসায়িক উত্তরাধিকারী ড্যানিয়েল নোবোয়া সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বলেছেন, ‘কারাগারে কী হয়েছে তা সরকারকে স্পষ্ট করে জানাতে হবে।’