তেল, কয়লা ও গ্যাস ব্যবহার করে এমন শিল্পগুলোর জন্য সরকারি ভর্তুকির প্রতিবাদে ডাচ মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এক্সটিঙ্কশন রেবেলিয়ন ও গ্রিনপিসের মতো দলসহ নেদারল্যান্ডসের কয়েক হাজার পরিবেশ কর্মী এ অবরোধে অংশ নেন। সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিলিয়ন ইউরো ভর্তুকি বন্ধের দাবি জানান তারা। খবর এপি।

বিক্ষোভকারীরা পুলিশের বাধা অতিক্রম করে হেগের প্রধান সড়কে পার্লামেন্টের সামনে অস্থায়ী অবস্থান নেয়। ভর্তুকি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা অবস্থান থেকে সরে না আসার হুমকি দেয়। অ্যাক্টিভিস্টরা ‘‌জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি ভালো কাজ নয়’ লেখা বার্তাসহ ব্যানার বহন করেছিল। পাশাপাশি চলতি বছরের গ্রীষ্মে বিশ্বজুড়ে দেখা চরম তাপমাত্রা জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ভবিষ্যৎ কেমন হবে সে বিষয়ে ইঙ্গিত দিয়েছে।

পদক্ষেপটি ডাচ সংসদকে লক্ষ্য করে এক্সটিঙ্কশন রেবেলিয়নের নেতৃত্বে ধারাবাহিক প্রতিবাদের অংশ। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ডাচ সরকার জীবাশ্ম জ্বালানি শিল্পের জন্য ভর্তুকি হিসেবে প্রতি বছর প্রায় ৩ হাজার ৭৫০ কোটি ইউরো ব্যয় করে। বিশেষত শক্তিশালী শিপিং সেক্টরে এ ব্যয় বেশি হয়। 

আইনপ্রণেতাদের আগামী ২২ নভেম্বরের সাধারণ নির্বাচনের আগেই ভর্তুকি বন্ধের কাজ শুরুর আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে।