ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা
ঠেকাতে দক্ষিণ লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে টহলে অংশ নেবে বেশ কয়েকটি দেশ।
এতে ওই অঞ্চল ও আরব উপসাগরে বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ চলাচলে সুরক্ষা নিশ্চিত হবে বলে
মার্কিন প্রতিরক্ষা বাহিনীর প্রত্যাশা। খবর রয়টার্স।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন
প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বাহরাইন সফর থেকে তিনি জানান, আন্তর্জাতিক এ বাহিনীতে
অংশ নিচ্ছে বেশ কয়েকটি দেশ। দেশগুলোর নাম প্রকাশ করেননি তিনি। এছাড়া মার্কিন যুদ্ধজাহাজের
মতো পাল্টা পদক্ষেপ নিতে তারা আগ্রহী কিনা তাও জানা যায়নি।
সম্প্রতি লোহিত সাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক
জাহাজে হুথিদের হামলা প্রতিহত করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী।
নতুন পদক্ষেপকে ‘বহুজাতিক নিরাপত্তা
উদ্যোগ’ উল্লেখ করে লয়েড অস্টিন বলছেন, লোহিত সাগরে হুথি আক্রমণ এখন একটি আন্তর্জাতিক
সমস্যা। এর সমাধানে প্রয়োজন আমাদের সম্মিলিত প্রয়াস।
কিছুদিন ধরে লোহিত সাগরগামী জাহাজে
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বেড়েছে। এমনকি একই দিনে আক্রান্ত হয়েছে একাধিক জাহাজ।
তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের নজির নেই।
ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে গাজায়
ইসরায়েলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহতের ঘটনার প্রতিক্রিয়া জানাচ্ছে হুথি। তাদের
দাবি, ইসরায়েলগামী ও মালিকাধীন জাহাজে আক্রমণ করছে।
হামলার কারণে শীর্ষ শিপিং কোম্পানিগুলো
লোহিত সাগর এড়িয়ে চলছে। এর মধ্যে রয়েছে ডেনিশ শিপিং জায়ান্ট এপি মোলার-মায়েরস্ক, জার্মানির
হ্যাপাগ-লয়েড, ফরাসি কোম্পানি সিএমএ সিজিএম, হংকং-ভিত্তিক ওওসিএল এবং ইতালীয়-সুইস
মালিকানাধীন মেডিটেরিয়ান শিপিং কোম্পানি (এমএসসি)। যার প্রভাব ব্যয়বহুল হতে বাধ্য বলে
অনুমান করছেন বিশ্লেষকরা।










