যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ইরানকে আবারো আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। আর এ আহ্বানে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর আল জাজিরা।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, 'গত সপ্তাহে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছিলাম, তখন ইসরায়েল এসে সেই কূটনীতি উড়িয়ে দিল। এবার যখন আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা করছি, তখন যুক্তরাষ্ট্র সেই কূটনীতি উড়িয়ে দিল।'

তিনি যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, 'আপনারা কী সিদ্ধান্তে পৌঁছাবেন? এখন আপনারা বলছেন ইরানকে আলোচনায় ফিরতে হবে। কিন্তু ইরান এমন কিছুতে কীভাবে ফিরবে, যেটা সে কখনো ছাড়েইনি আর যা ধ্বংস করেছে অন্য কেউ?'

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তির লক্ষ্যে বেশ কয়েক সপ্তাহ থেকেই আলোচনা চালিয়ে যাচ্ছিল ইরান। চলমান সেই আলোচনার মধ্যেই গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের বিমান হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানও। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়া রোধে ইরানকে আলোচনার টেবিলে এনেছিল ইউরোপীয় দেশগুলো। সেই আলোচনার মধ্যেই এবার ইরানের তিনটি পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।