মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী সোমবার বৈঠক করবেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের শীর্ষ বৈঠকের পর এ কথা নিশ্চিত করেছেন তিনি। খবর রয়টার্স।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জেলেনস্কি লিখেছেন, 'শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টায় কাজ করার প্রস্তুতি ইউক্রেন আবারও নিশ্চিত করছে।'
তিনি আরো বলেন, 'ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে আমরা সমর্থন করছি। ইউক্রেন মনে করে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নেতাদের স্তরে আলোচনা করা সম্ভব, আর সে ক্ষেত্রে ত্রিপক্ষীয় ফরম্যাট সবচেয়ে উপযুক্ত।'
উল্লেখ্য, আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বহুল প্রতীক্ষিত শীর্ষ বৈঠকটি ইউক্রেন যুদ্ধ থামানো বা সমাধানের কোনো চুক্তি ছাড়াই আজ শেষ হয়েছে। তবে ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি এখন মূলত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর নির্ভর করছে। তিনি বলেন, ‘এখন আসল দায়িত্ব প্রেসিডেন্ট জেলেনস্কির। ইউরোপীয় দেশগুলোও ভূমিকা রাখতে পারে, তবে শেষ পর্যন্ত জেলেনস্কিকেই বিষয়টি শেষ করতে হবে।‘










