অনুষ্ঠানস্থলের বাইরে পাঁচ থেকে আটটি গুলির শব্দের পর দ্রুত ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেয়া হয়। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন হিলটন নামে ওই হোটেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর বন্দুকধারীকে আটক করা হয়। তার নাম কোল টমাস অ্যালেন (৩১)। খবর রয়টার্স, এপি, আল জাজিরা ও সিএনএন। একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, বন্দুকধারীর গুলিতে তাদের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন, তবে তার বুলেটপ্রুফ ভেস্ট থাকায় তিনি রক্ষা পান। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউজ সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। বিকট শব্দের পর সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন। এ সময় উপস্থিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নেন। সেখানে থাকা ২ হাজার ৬০০ অতিথির বেশির ভাগই নিরাপদ আশ্রয়ে চলে যান। হামলাকারী বন্দুক ও ছুরি হাতে হোটেলের ভেতরে প্রবেশ করেছিল এবং বলরুমের দিকে অগ্রসর হচ্ছিল। পরে অনুষ্ঠানস্থলের বাইরে তার সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সিক্রেট সার্ভিসের এজেন্টরা তাকে দ্রুত ঘিরে ফেলে ও হেফাজতে নেয়।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারী কোল টমাস অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, হামলাকারীর কাছে একটি শটগান, হ্যান্ডগান ও বেশকিছু ছুরি ছিল। তদন্তকারীরা ধারণা করছেন, তিনি ওই হোটেলেই অতিথি হিসেবে অবস্থান করছিলেন এবং সেভাবেই অনুষ্ঠানের সময় হোটেলের ভেতরে প্রবেশ করেন। হোয়াইট হাউজের নিরাপত্তাবলয় ভেঙে প্রবেশের চেষ্টা ও হামলার দায়ে তাকে অভিযুক্ত করা হচ্ছে। আজ তাকে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হবে।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, হামলাকারীর বিরুদ্ধে শিগগির আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা লং গান ও গুলির খোসা পরীক্ষা করা হচ্ছে। ওয়াশিংটন ডিসি পুলিশের অন্তর্বর্তী প্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, বর্তমানে জননিরাপত্তার জন্য নতুন করে কোনো হুমকি নেই এবং হামলাকারী একাই এ কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার ২ ঘণ্টা পর হোয়াইট হাউজে সাংবাদিকদের সামনে আসেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘যখন আপনি প্রভাবশালী হন, তারা আপনার পিছু নেয়। যখন আপনি প্রভাবশালী নন, তারা আপনাকে একা ছেড়ে দেয়।’ প্রেসিডেন্ট জানান, শুরুতে তিনি ভেবেছিলেন টেবিল থেকে কোনো ট্রে পড়ার শব্দ হচ্ছে। কিন্তু ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প দ্রুত বুঝতে পারেন এটি গুলির শব্দ। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি সে (মেলানিয়া) তাৎক্ষণিকভাবে বুঝে গিয়েছিল কী ঘটেছে।’

তিনি আরো বলেন, ‘আমি কঠোর লড়াই করেছি সেখানে থাকার জন্য। তবে সিক্রেট সার্ভিসের পরামর্শে তাকে হোটেল থেকে সরিয়ে নেয়া হয়।’ প্রেসিডেন্ট আরো জানান, বন্দুকধারীর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তিনি দাবি করেন, হামলাকারী বলরুমের দরজার কাছাকাছিও পৌঁছতে পারেনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এ ঘটনার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।’ তিনি জানান, কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত চালিয়ে যাবে। হামলাকারী অপেশাদার হলেও তার সঙ্গে ভেতরের ও বাইরের পেশাদার লোকজন কাজ করেছে। হামলাকারীকে ‘উন্মাদ’ আখ্যা দিয়ে তিনি আরো বলেন, ‘আমার ধারণা সে একাই এ কাজ করেছে।’

ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বন্দুকধারীর একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে তাকে খালি গায়ে মাটিতে উপুড় হওয়া অবস্থায় দেখা যায়।

পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের তথ্যসহ বিভিন্ন নথিপত্র যাচাই করে সিএনএন জানতে পেরেছে, ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের বাসিন্দা। তিনি একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করেন। লিংকডইনের ওই প্রোফাইলে তাকে টিউটরিং কোম্পানি ‘সি টু এডুকেশন’-এর খণ্ডকালীন শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে সি টু এডুকেশন তাকে ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

প্রোফাইল অনুযায়ী, অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, ডমিনগুয়েজ হিলস থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন।

হুইলচেয়ারের জন্য একটি প্রোটোটাইপ ইমার্জেন্সি ব্রেক তৈরি করার কারণে ২০১৭ সালে কোল টমাস অ্যালেন স্থানীয় সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। সে সময় তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী ছিলেন। এছাড়া কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অ্যালেন ২০২৪ সালের অক্টোবরে তৎকালীন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় ২৫ ডলার অনুদান দিয়েছিলেন।

১৯৮১ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকেও এ ওয়াশিংটন হিলটন হোটেলের বাইরে গুলি করা হয়েছিল। সেই ঘটনার পর থেকে হোটেলটির নিরাপত্তা ব্যবস্থা ও নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হয়।