এক দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো একীভূত জাতীয় বাজেট অনুমোদন করেছে লিবিয়ার প্রতিদ্বন্দ্বী সংসদীয় প্রতিষ্ঠানগুলো। দীর্ঘদিনের বিভক্ত শাসনব্যবস্থায় এটিকে বিরল সহযোগিতার উদাহরণ বলে উল্লেখ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্ব ও পশ্চিমভিত্তিক দুটি আইনসভা একই বাজেট অনুমোদন করেছে। এই সিদ্ধান্তকে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের গভর্নর নাজি ইসা বলেন, ‘একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি গড়ে উঠলে লিবিয়া নিজেদের বিভেদ কাটিয়ে উঠতে সক্ষম।’

২০১৪ সালের গৃহযুদ্ধের পর থেকে লিবিয়া কার্যত পূর্ব ও পশ্চিম এই দুই প্রশাসনিক বলয়ে বিভক্ত। ২০১৩ সালের পর এবারই প্রথম দেশটি একটি একক জাতীয় বাজেট পেল।

রাজনৈতিকভাবে দেশটির পশ্চিম অংশে আন্তর্জাতিক স্বীকৃত জাতীয় ঐক্য সরকারের নিয়ন্ত্রণ রয়েছে, যার নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা। অন্যদিকে পূর্বাঞ্চলে শক্ত অবস্থানে রয়েছে খলিফা হাফতারের সমর্থিত বাহিনী, যারা গুরুত্বপূর্ণ তেল উৎপাদন অঞ্চল ও রপ্তানি টার্মিনালের নিয়ন্ত্রণে রয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে লিবিয়ার এ সিদ্ধান্ত আন্তর্জাতিক তেল সরবরাহে নতুন গুরুত্ব তৈরি করতে পারে। দেশটির হালকা ও উচ্চমানের অপরিশোধিত তেল ইউরোপীয় বাজারে দ্রুত সরবরাহযোগ্য।