মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রজনন অধিকার বিষয়ে হুমকি ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকে গণহারে অভিবাসীদের বের করে দেয়ার ট্রাম্পের অঙ্গীকারের প্রেক্ষাপটে এ বিক্ষোভ হয়। বিক্ষোভে অংশ নিতে নিউইয়র্ক সিটি, সিয়াটলসহ প্রধান শহরগুলোয় হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। খবর দ্য গার্ডিয়ান।

শনিবার নিউইয়র্ক সিটিতে শ্রমিকদের অধিকার ও অভিবাসী ন্যায়বিচার নিয়ে কাজ করা অ্যাডভোকেসি গ্রুপগুলোর বিক্ষোভকারীরা ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার অন ফিফথ অ্যাভিনিউর বাইরে জড়ো হন। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। সেসবে লেখা ছিল ‘আমরা আমাদের রক্ষা করি’, ‘মি. প্রেসিডেন্ট, নারীদের স্বাধীনতার জন্য আর কত সময় অপেক্ষা করতে হবে’, ‘আমরা পিছু হটব না’ ইত্যাদি। তখন কেউ কেউ স্লোগান দিচ্ছেন, ‘আমরা এখানে আছি এবং আমরা চলে যাচ্ছি না’।

ওয়াশিংটন ডিসিতেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে উইমেন্স মার্চে অংশগ্রহণকারীরা প্রজেক্ট ২০২৫-এর পেছনে ডানপন্থী থিংক ট্যাংক হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাদের বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেসব প্ল্যাকার্ডে উল্লেখ ছিল ‘ভালো আচরণের নারীরা ইতিহাস তৈরি করেন না’, ‘আপনারা কখনই একা নন’, ‘আমার স্বাধীনতা কোথায় যখন আমার কোনো উপায় নেই?’ এ সময় কেউ কেউ স্লোগান দেন, ‘আমরা বিশ্বাস করি, আমরা জিতবই’।

শনিবার সিয়াটলের স্পেস নিডলের বাইরেও জড়ো হন বিক্ষোভকারীরা। সেখানে পোস্টারে লেখা ছিল, ‘ট্রাম্প ও দুই দলের যুদ্ধ মেশিনের প্রতিবাদে পদযাত্রা ও বিক্ষোভ’, ‘গণ-আন্দোলন গড়ে তুলুন এবং যুদ্ধ, দমন-পীড়ন ও গণহত্যার বিরুদ্ধে লড়াই করুন!’ গাজায় ইসরায়েলের প্রাণঘাতী যুদ্ধের মধ্যে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানাতে বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ কেফিয়াহ পরেছিলেন। বাকিদের মধ্যে অনেককে রেইনকোট পরতে দেখা গেছে। একজন বিক্ষোভকারী বলেন, ‘যে প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছেন, তিনিও শ্রমিকদের হতাশ করেছেন।’

শুক্রবার ওরেগনের পোর্টল্যান্ডের সিটি হলের বাইরে বিক্ষোভকারীরা ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের বিক্ষোভে জড়ো হন। বিক্ষোভকারীদের বহন করা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই কর’ এবং ‘‌ভয়কে শক্তিতে পরিণত কর’।