গাজায় গত ছয় মাসে যুদ্ধে নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি যুদ্ধে বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়ে নিন্দাও জানিয়েছে। খবর বিবিসি।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যাপকভাবে ইসরায়েলের হামলা চালানো এত বেশিসংখ্যক প্রাণহানি হওয়ার পেছনে একটি বড় কারণ। অবশ্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ছোড়া ক্ষেপণাস্ত্রে কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। গাজা উপত্যকায় ‘অভূতপূর্ব’ মাত্রায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ‘যুদ্ধাপরাধ ও অন্যান্য সম্ভাব্য নৃশংস অপরাধের’ বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ইসরায়েল এর আগে বলেছিল, তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং বেসামরিক নাগরিকদের ঝুঁকি হ্রাস করার পদক্ষেপ নিচ্ছে।

শুক্রবারের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মন্তব্যের জন্য বিবিসি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সঙ্গে যোগাযোগ করেছিল।

জাতিসংঘের এ সংস্থা জানিয়েছে, তারা ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত গাজায় নিহত ৮ হাজার ১১৯ জনের বিস্তারিত তথ্য যাচাই করেছে। তাদের বিশ্লেষণে দেখা গেছে, যাচাইকৃত ভুক্তভোগীদের মধ্যে প্রায় ৪৪ শতাংশ শিশু ও ২৬ শতাংশ নারী। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি বয়স ছিল পাঁচ-নয় বছর। নিহতদের ৮০ শতাংশই মারা গেছে আবাসিক ভবন বা অনুরূপ আবাসনে।