আর এ হত্যাকাণ্ডের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সামরিক স্থাপনায় হামলা জোরদার করেছে ইরান। ইরানের প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েলে ৯ জন নিহত হয়েছে। ইরাকের আইন আল-আসাদ ও এরবিলের মার্কিন ঘাঁটিতে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়েছে বলে দাবি রিয়াদের। সংযুক্ত আরব আমিরাতে ইরানি হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত ও ৫৮ জন আহত হওয়ার খবর মিলেছে, নিহতদের মধ্যে একজন বাংলাদেশী রয়েছেন। কুয়েতে একটি সামরিক স্থাপনায় আঘাতে একজনের মৃত্যু ও ৩২ জন আহত হয়েছেন। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পাশাপাশি পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

রোববার ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। জেরুজালেমের প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ শহরে অন্তত ৯ জন নিহত হয়েছে। এ হামলায় প্রায় ২৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশজুড়ে বিভিন্ন হামলায় আহতের সংখ্যা ১২১ বলে জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা।

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের শুরু করা প্রতিশোধমূলক অভিযানে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশী রয়েছেন। এ সময় আহত হয়েছেন ৫৮ জন।

রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা এখন পর্যন্ত ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও মাঝ আকাশে রুখে দেয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি পথিমধ্যে বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে।

খামেনিকে হত্যার সরাসরি বদলা নিতে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে দফায় দফায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ-৪’ ছদ্মনামে পরিচালিত এ অভিযানে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আইন আল-আসাদ এবং উত্তরাঞ্চলীয় এরবিল বিমানঘাঁটিসহ একাধিক কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

হামলার কেন্দ্রবিন্দু আইন আল-আসাদ ও এরবিল ঘাঁটি। রোববার ভোররাত থেকে শুরু হওয়া এ হামলায় কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। এ হামলায় এখন পর্যন্ত দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। হতাহতের ঘটনা নিশ্চিত করেছে পেন্টাগন।

রোববার বিকালে ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন সেনাসমৃদ্ধ প্রিন্স সুলতান বিমানঘাঁটি। তবে এ হামলাগুলো প্রতিহত করার দাবি করছে সৌদি আরবের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রিয়াদ বিমানবন্দরের আকাশে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি আকাশেই ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস হতে দেখেছেন। নাম প্রকাশ না করার শর্তে হামলার ঘটনা নিশ্চিত করেছে সৌদি আরবের একটি উচ্চপদস্থ সূত্র।

কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনের বিমানবন্দরগুলোতেও ইরান আক্রমণ চালিয়েছে। ইরানের হামলায় কুয়েতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। বিশেষ করে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর একটি বিশাল ঘাঁটি থাকায় সেখানে উত্তেজনার পারদ সবচেয়ে বেশি।

মধ্যপ্রাচ্যজুড়ে চলা সংঘাতের রেশ এবার সিরিয়ার আকাশেও আছড়ে পড়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের আকাশে একটি ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল।

এছাড়া সাইপ্রাসে ব্রিটিশ সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি জানিয়েছেন, ইরান থেকে দুটি ক্ষেপণাস্ত্র সাইপ্রাসের দিকে নিক্ষেপ করা হয়েছে। সেখানে হাজারো ব্রিটিশ সেনা অবস্থান করছে।

তিনি বলেন, ‘আমরা মনে করি না ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।’ প্রতিরক্ষামন্ত্রী আরো জানান, শনিবার ইরানের হামলার কিছু ক্ষেপণাস্ত্র বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ গজ (কয়েকশ মিটার) দূরত্বে আঘাত হানে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী। খামেনির মৃত্যুর পর প্রথম সরাসরি কোনো মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঘোষণা দিল তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী মার্কিন এ বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সন্ত্রাসী আগ্রাসীদের জন্য এ জল ও স্থল ক্রমেই এক বিশাল কবরস্থানে পরিণত হবে।