গাজা উপত্যকা ও মিসরের মধ্যকার প্রধান সংযোগস্থল রাফাহ সীমান্ত ক্রসিং অবশেষে ফিলিস্তিনিদের চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী গতকাল সীমান্তটি খোলার কথা থাকলেও তা একদিন পিছিয়ে আজ নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য এ গুরুত্বপূর্ণ প্রবেশপথ পুনরায় চালু করার সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। খবর রয়টার্স।
ইসরায়েলি সামরিক বাহিনীর মানবিক সমন্বয় শাখা কোগাট এক বিবৃতিতে জানিয়েছে, আজ থেকে গাজার বাসিন্দারা হেঁটে উভয় দিকে যাতায়াত করতে পারবে। গতকাল সীমান্ত এলাকায় পরীক্ষামূলকভাবে কার্যক্রমের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হয়েছে। এ পুরো প্রক্রিয়া মিসর ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সরাসরি সমন্বয় করে পরিচালনা করা হচ্ছে। মূলত কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতেই যাতায়াত শুরুর সময় একদিন পেছানো হয়েছে।
ফিলিস্তিনিদের জন্য রাফাহ সীমান্ত ক্রসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটিই বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে গাজার সরাসরি যোগাযোগের একমাত্র পথ, যা ইসরায়েলের ভেতর দিয়ে যায়নি।
২০২৪ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী সীমান্তটির গাজা অংশ দখল করার পর এটি মূলত বন্ধ ছিল।
ইসরায়েল জানিয়েছে, কড়া নিরাপত্তা তল্লাশির মাধ্যমে এ ক্রসিং খুলে দেয়া হবে। প্রাথমিকভাবে শুধু গুরুতর অসুস্থ রোগী, যুদ্ধাহত ও যুদ্ধের শুরুতে গাজা ছেড়ে যাওয়া ব্যক্তিদের ফেরার অনুমতি দেয়া হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ২০ হাজার মুমূর্ষু রোগী উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় রয়েছে। আজ থেকে এ রোগীদের পর্যায়ক্রমে যাতায়াতের সুযোগ দেয়া হবে।










