পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন গর্ভবতী নারী। নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় সোমবার রাতে একটি অবৈধ তেল শোধনাগারে এই বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটে বলে স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। খবর রয়টার্স। 

স্থানীয় ওই সম্প্রদায়ের নিরাপত্তা প্রধান রুফাস ওয়েলেকেমের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, গত সোমবার ভোররাতে রিভার স্টেটের ইবা এলাকায় বিস্ফোরণের পর প্রাণহানির এ ঘটনা ঘটেছে।এতে ৩৫ জন লোক নিহত হয়। ভাগ্যবান দু’জন মানুষ সেখান থেকে প্রাণ নিয়ে পালাতে পারলেও পরে হাসপাতালে মারা গেছেন। রুফাস ওয়েলেকেম জানান, স্বজনরা নিহতদের কয়েকজনকে শনাক্ত করে দাফনের জন্য নিয়ে গেছে।

মূলত চরম বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে নাইজারিয়ায় অবৈধ তেল পরিশোধন আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। তবে মাঝে মাঝেই এসব অবৈধ শোধনাগারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটে থাকে। দেশটির প্রধান প্রধান বিভিন্ন তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরির পর সেগুলো অবৈধ শোধনাগারে পরিশোধন করা হয়। বিপজ্জনক এই প্রক্রিয়ার কারণে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে।