পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ডনের বরাতে বিবিসি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হাজরা এক্সপ্রেস নামের ট্রেনটি গতকাল করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। পথে সিন্ধু প্রদেশের নওয়াবশাহ নগরীর কাছে সারহারি রেলওয়ে স্টেশনের কাছে সেটি দুর্ঘটনায় পড়ে এবং কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। উদ্ধার কার্যক্রম চলমান।
টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, লাইনচ্যুত হয়ে যাওয়া বগিগুলোর আশপাশে অনেক মানুষের ভিড়। কয়েকটি বগি কাত হয়ে পড়ে আছে। এ বিষয়ে লাহোরে এক সংবাদ সম্মেলনে ফেডারেল মিনিস্টার ফর রেলওয়েস অ্যান্ড এভিয়েশন খাজা সাদ রফিক বলেন, ‘কর্তৃপক্ষকে এ দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে।’ দুর্ঘটনায় নিহত ৩০ ও বহু যাত্রী আহত হওয়ার খবর তিনি পেয়েছেন বলেও জানান। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী, ট্রেনটি স্বাভাবিক গতিতেই চলছিল। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। সুকুর ও নওয়াবশাহ নগরীর হাসপাতালগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।’
পাকিস্তান রেলওয়ের সুকুর ডিভিশনাল কমার্শিয়াল অফিসার মহসিন সিয়াল ডনকে বলেন, ‘কতগুলো বগি লাইনচ্যুত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ কেউ পাঁচটি বগি আবার কেউ ৮-১০টি বগি লাইনচ্যুত হওয়ার কথা বলছে।’
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন।










