ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন। আজ রোববার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

যে কজন বিদেশী আলোকচিত্রীর ক্যামেরায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের অসামান্য সব ছবি উঠে এসেছে, তাদের মধ্যে রঘু রাই অন্যতম। মুক্তিযুদ্ধের সময় ভারতের দ্য স্টেটমেন্ট পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে সেখানকার আশ্রয়শিবিরে থাকা উদ্বাস্তু বাংলাদেশীদের অবর্ণনীয় কষ্টের জীবনযাত্রা তুলে ধরেন তিনি।

এছাড়াও বাংলাদেশে পাকিস্তানি সামরিক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ যুদ্ধ, চূড়ান্ত বিজয়ের পর সাধারণ মানুষের দেশে ফেরা ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের অসামান্য সব দৃশ্য ফ্রেমবন্দি করেছিলেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আজ রোববার সন্ধ্যায় নয়াদিল্লির লোধি রোড শ্মশানে রঘু রাইয়ের শেষকৃত্য হবে।

রঘু রাই ফাউন্ডেশনের ওয়েবসাইটে জানানো হয়, মৃত্যুর আগে তিনি নয়াদিল্লিতে বসবাস করছিলেন এবং নিজের ৫৭তম বই নিয়ে কাজ করছিলেন।