চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন,
তার দেশ উন্নয়ন কৌশল নিয়ে নেপালের সঙ্গে পদক্ষেপ জোরদার করতে ইচ্ছুক। গতকাল শনিবার
(২৩ সেপ্টেম্বর) পূর্বাঞ্চলীয় শহর হাংঝোতে সফররত নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল
দাহাল প্রচণ্ডের সঙ্গে বৈঠক করেন তিনি। খবর আনাদোলু।
বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি
ও বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে প্রচণ্ডের সমর্থনের প্রশংসা করেন শি।
চীনের প্রেসিডেন্ট বলেন, নেপালের প্রধানমন্ত্রী
হিসেবে আপনি তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এটি আপনার প্রথম চীন সফর। আমি নিশ্চিত
যে এ সফর ফলপ্রসূ হবে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে
নতুন প্রেরণা জোগাবে।
আরো জানান, দুই দেশের সম্পর্ককে অত্যন্ত
গুরুত্ব দেয় চীন। নেপালের সঙ্গে চীনের উন্নয়ন কৌশল সমন্বয় জোরদার করতে, বিভিন্ন
ক্ষেত্রে প্রায়োগিক সহযোগিতা গভীর, শাসনে অভিজ্ঞতা বিনিময় বাড়াতে ও চীন-নেপাল সম্পর্কের
নতুন অগ্রগতির প্রচার করতে ইচ্ছুক তিনি।
প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে
এক সপ্তাহের সফরে গতকাল ভোরে পূর্ব চীনে পৌঁছান পুষ্প কমল দাহাল প্রচণ্ড।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে
জানিয়েছে, ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন নেপালের প্রধানমন্ত্রী।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের
সঙ্গে একটি দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকও করার কথা রয়েছে প্রচণ্ডের।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক
বিবৃতিতে বলেছে, নেপাল ও চীন ভালো বন্ধু, ঘনিষ্ঠ প্রতিবেশী এবং বিশ্বস্ত অংশীদার হিসাবে
চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করে। প্রধানমন্ত্রী এ সফর বহু পুরনো দ্বিপাক্ষিক
সম্পর্ককে শক্তিশালী করবে এবং পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রগুলোকে
প্রসারিত করবে।
২৩ থেকে ৩০ সেপ্টেম্বরে এ সফরের চীনের
কৃষি ও শিল্প অগ্রগতি পর্যবেক্ষণ করতে চংকিং পৌরসভায় যাবে প্রচণ্ড। এছাড়া স্বায়ত্তশাসিত
তিব্বতের লাসা শহরেও যাবেন।










