বেলারুশের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র পোল্যান্ড। এ ঘটনার প্রতিবাদে নিজেদের পূর্ব সীমান্তে সেনা পাঠিয়েছে ওয়ারশ। তবে পোল্যান্ডের অভিযোগ তাৎক্ষণিক অস্বীকার করে বেলারুশের সামরিক বাহিনী বলেছে, সীমান্তে সেনা মোতায়েনের বিষয়টি বৈধ করতেই এ অপচেষ্টা চালাচ্ছে ওয়ারশ। খবর দ্য গার্ডিয়ান। 

পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সীমান্তে সামরিক হেলিকপ্টার, অতিরিক্ত বাহিনী ও সরঞ্জাম পাঠাচ্ছে। সীমান্ত লঙ্ঘনের বিষয়টি এরই মধ্যে ন্যাটোকে অবহিত করা হয়েছে। পুরো বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে বেলারুশের চার্জ ডি অ্যাফেয়ার্সকে।

পাল্টা প্রতিক্রিয়ায় বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওয়ারশ তার বিদেশী মোড়লদের সঙ্গে আলোচনা করে ঘটনাটি বদলে ফেলেছে। এমআই-৮ ও এমআই-২৪ হেলিকপ্টারগুলো কোনো সীমান্ত লঙ্ঘন করেনি।