বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের না আসার খবরে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘তাকে (শি জিনপিং) দেখার জন্যই (ভারতে) যাচ্ছি’। খবর রয়টার্স।

আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ সদস্য দেশগুলোর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে সদস্য, পর্যবেক্ষক ও আমন্ত্রিত দেশের শীর্ষনেতারা উপস্থিত হবেন। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স গত বৃহস্পতিবার জানায়, ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলন সম্ভবত এড়িয়ে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অবশ্য জিনপিং না আসলেও সম্মেলনে চীনের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং প্রতিনিধিত্ব করবেন।

এরপরই রোববার ডেলাওয়্যারের রেহোবোথ বিচে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বাইডেন বলেন, ‘আমি হতাশ ... তবে আমি তাকে দেখতেই সেখানে যাচ্ছি’। বাইডেন অবশ্য এর বেশি বিস্তারিত আর কিছু বলেননি।

ভারত ও ভিয়েতনামে সফরের জন্য তিনি উন্মুখ কিনা জানতে চাইলে বাইডেন বলেন, ‘হ্যাঁ, আমি উন্মুখ।’ যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক এ প্রেসিডেন্ট বলেন, ‘আমি একটু বেশি চাই... সমন্বয়। আমি মনে করি তারা উভয়েই (ভারত ও ভিয়েতনাম) যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক চায় এবং এই সফর সেই কাজে খুবই সহায়ক হতে পারে।’

রয়টার্স বলছে, জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যোগ দেয়ার কথা আগেই জানা ছিল। আর এ কারণে ভারতে এ শীর্ষ সম্মেলনটিকে এমন একটি স্থান হিসাবে দেখা হয়েছিল যেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে শি জিনপিং দেখা করতে পারেন বলে মনে করা হয়েছিল।