প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে
দেখা করতে চলতি মাসে রাশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম
জং উন। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে বিবিসি।
ওই কর্মকর্তা জানান, ইউক্রেনের যুদ্ধ
চালিয়ে নেয়ার জন্য উত্তর কোরিয়া থেকে অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করতে পারেন তারা।
তবে বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো স্পষ্ট নয়।
উত্তর কোরিয়া বা রাশিয়াও তাৎক্ষণিকভাবে
এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সূত্রটি নিউইয়র্ক টাইমসকে জানায়, কিম
সম্ভবত সাঁজোয়া ট্রেনে ভ্রমণ করবেন।
হোয়াইট হাউজের তরফ থেকে বলা হয়েছে,
অস্ত্র সরবরাহ বিষয়ে সমঝোতায় অগ্রসর হয়েছে দেশ দুটি। এবার দুই প্রেসিডেন্টের বৈঠকের
নতুন তথ্য পাওয়া গেল।
মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের
মুখপাত্র জন কিরবি জানান, রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু সাম্প্রতিক উত্তর কোরিয়া
সফরে পিয়ংইয়ংকে গোলাবারুদ বিক্রি করতে রাজি করার চেষ্টা করেছিলেন।
সফরে প্রদর্শন করা অস্ত্রের মধ্যে ব্যালিস্টিক
ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। কভিড-১৯ মহামারীর পর ওই সময় প্রথম কিম বিদেশী অতিথিদের
জন্য দেশের দরজা খুলে দিয়েছিলেন।
কিরবি বলেন, উত্তর কোরিয়াকে রাশিয়ার
সঙ্গে অস্ত্র আলোচনা বন্ধ করা ও অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার প্রতিশ্রুতি মেনে
চলার আহ্বান জানাই।
রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে উত্তর
কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।










