পাকিস্তানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববার (২৯ জুন) সকালে দেশটির মধ্যাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। খবর এএফপির।

তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে যে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে ভূমিকম্পটি থেকে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের পার্বত্য বেলুচিস্তান প্রদেশের বরখান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তর-উত্তরপূর্বে।

তবে ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে যে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে ১৪৯ কিলোমিটার (৯২ দশমিক ৫ মাইল) পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ১০ কিলোমিটার বলে জানিয়েছে জিএফজেড।

এদিকে মুসাখেল ও আশেপাশের এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্পের পর তীব্র কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

পাকিস্তান ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সীমান্তে অবস্থিত। ফলে এটি ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।

এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪০০ জন নিহত হয়।
এছাড়া ২০০৫ সালে দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয় এবং প্রায় ৩৫ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। আর পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ২০২১ সালে একটি ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত ও ১০ জনেরও বেশি মানুষ আহত হয়।