ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘স্টেট অব ওয়ার’ বা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করলো ইসরায়েল।  দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি যুদ্ধ ঘোষণার অনুমোদন দিয়েছে বলে রোববার প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে।

বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে আরও বলা হয়েছে, গাজা থেকে সন্ত্রাসী হামলার মাধ্যমে ইসরায়েলের ওপর এ যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, হামাস-ইসরায়েল সংঘাতের পর ৬০০ জনের বেশি ইসরায়েলি নিহত এবং ২ হাজারের বেশি আহত হওয়ার ঘটনায় যুদ্ধের অনুমতি দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা।

সিএনএন জানিয়েছে, ইসরায়েলের মৌলিক আইনের ৪০ ধারা অনুযায়ী যুদ্ধ ঘোষণাটি নেওয়া হয়েছে। ইসরায়েলের কোনো লিখিত সংবিধান নেই, তবে এর ১৩টি মৌলিক আইন একই ধরনের কাজ করে।

এদিকে ইসরায়েলে পাল্টা হামলায় গাজার ৩শ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।  ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ৩১৩ বেসামরিক নাগরিকের মধ্যে ২০ শিশু রয়েছে।  তারা জানিয়েছে, প্রায় এক হাজার ৮০০ জন আহত হয়েছে।

শনিবার ভোরে আতর্কিত হামাস যোদ্ধারা গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে কয়েক হাজার রকেট নিক্ষেপ করে। জবাবে ওই অঞ্চলে দ্রুত হামলা করে ইসরায়েলও। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর-ডান সরকারের অধীনে ফিলিস্তিনিদের অবস্থা দিন দিন খারাপ হয়েছে। বছরের পর বছর ধরে শান্তি প্রতিষ্ঠা থমকে আছে। এর মাঝে হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে আক্রমণ পরিস্থিতিকে নতুন মোড় দিয়েছে। এর সঙ্গে একে একে যুক্ত হচ্ছে অন্য সশস্ত্র দলগুলো।