সমালোচনার মুখে মেক্সিকোর ওয়াহাকা সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন মার্কিন ফ্যাশন ডিজাইনার উইলি চাভারিয়া ও বিশ্ববিখ্যাত ব্র্যান্ড অ্যাডিডাস। সম্প্রতি অ্যাডিডাস অরিজিনালসের সঙ্গে যৌথভাবে ‘ওয়াক্সাকা স্লিপ-অন’ নামের জুতা তৈরি করেছিলেন চাভারিয়া। খবর বিবিসি।

অভিযোগ ওঠেছে, পণ্যটি মেক্সিকোর আদিবাসী শিল্পীদের তৈরি ঐতিহ্যবাহী চামড়ার স্যান্ডেল হুয়ারাচেস থেকে অনুপ্রাণিত। তবে সম্প্রদায়টির সঙ্গে কোনো পরামর্শ বা স্বীকৃতি ছাড়াই পণ্যটি তৈরি করা হয়েছে।

মেক্সিকোর ওয়াক্সাকার রাজ্যের ব্যবসায়ীদের দাবি, ডিজাইনটি তাদের ঐতিহ্যবাহী হুয়ারাচেসের সঙ্গে হুবহু মিলে যায়। অঞ্চলটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালিকাশক্তি এই জুতা, যা আদিবাসীদের তৈরি হস্তশিল্প। সারা দেশে প্রায় পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল। অ্যাডিডাসের নতুন মডেলকে তাদের জুতার সস্তা কপি বলেও বিদ্রুপ করেন মেক্সিকানরা। দেশটির প্রেসিডেন্ট ক্লাডিয়া শেনবাউম এই পণ্য নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে আইনি পদক্ষেপ নেয়ার সম্ভাবনার কথা জানান।

এরপরেই নকশা অনুলিপির বিষয়টি খতিয়ে দেখে দুঃখপ্রকাশ করেছেন ডিজাইনার উইলি চাভারিয়া ও অ্যাডিডাস।

এক বিবৃতিতে অ্যাডিডাস জানিয়েছে, তারা মেক্সিকোর আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধিকে স্বীকৃতি ও মূল্যায়ন করে। কোম্পানি স্বীকার করেছে যে, ওয়াক্সাকা প্রদেশের ভিলা হিদালগো ইয়ালালাগের ঐতিহ্য থেকে এই নকশা নেয়া হয়েছে। পরবর্তীতে এ নিয়ে সম্মানজনক আলোচনার মাধ্যমে কাজ করার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে গণমাধ্যম বিবিসির কাছে বিবৃতি পাঠিয়ে দুঃখপ্রকাশ করেছেন ডিজাইনার চাভারিয়া। এতে তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই নকশাটি ওয়াক্সাকা সম্প্রদায়ের সঙ্গে সরাসরি ও অর্থবহ অংশীদারত্বের মাধ্যমে তৈরি করা হয়নি। ওয়াক্সাকা কোনো শব্দ নয়—এটি জীবন্ত সংস্কৃতি, মানুষ ও ইতিহাস। আমি এই সম্প্রদায়ের সঙ্গে কাজ না করায় ক্ষমাপ্রার্থী। এটি তাদের প্রাপ্য সম্মান ও সহযোগিতার মানদণ্ডে পৌঁছায়নি।’

এরইমধ্যে ম্যাক্সিকোর ওয়াক্সাকার সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করেছে অ্যাডিডাস। যাদের নকশা অনুলিপি করা হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা করতে চেয়েছে। সেইসঙ্গে অ্যাডিডাস ও চাভারিয়ার পণ্যটির প্রচারণামূলক ছবিও সামাজিকমাধ্যম থেকে সরিয়ে নেয়া হয়েছে।