ইরানের সীমান্তবর্তী পশ্চিম আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১২০ জন হয়েছে। এছাড়া অন্তত এক হাজার মানুষ আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি।

মার্কিন ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গতকাল (৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে হেরাত শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

প্রাথমিকভাবে জাতিসংঘ জানায়, ভূমিকম্পে ৩২০ জন নিহত হয়েছে। তবে পরে বলেছে যে সংখ্যাটি এখনো যাচাই করা হচ্ছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ ওই সময় ১০০ নিহত ও ৫০০ আহত হওয়ার কথা উল্লেখ করে।

আরো বলা হয়েছে যে ৪৬৫টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩৫টি। মূলত বাড়ি ভেঙে ও দেয়াল চাপা পড়ে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়েছে। রিখটার স্কেলে আফটার শকগুলোর কম্পনমাত্রা ছিল ৪ দশমিক ৬ থেকে ৫ দশমিক ৫ মাত্রার।

স্থানীয় এক বাসিন্দা গণমাধ্যম কর্মীদের জানিয়েছে, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

এখন পর্যন্ত এক হাজারেরও বেশি নারী, শিশু ও বয়স্ক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান মোসা আশরি। আরো জানান, এ পর্যন্ত প্রায় ১২০ জনের মৃত্যুর খবর আমরা নথিবদ্ধ করেছি।

আফগানিস্তান-ইরান সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত ভূমিকম্পে আক্রান্ত হেরাত। শহরটি আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত।