পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সিরিজ বোমা ও বন্দুক হামলায় বেসামরিক নাগরিক, নিরাপত্তাকর্মী এবং হামলাকারী মিলিয়ে গত দুদিনে ১৯৩ জন নিহত হয়েছে। আঞ্চলিক মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বন্দুক ও বোমা হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক এবং ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৪৫ জন হামলাকারী নিহত হয়েছে। সবমিলিয়ে এসব সংঘর্ষে নিহত হয়েছে ১৯৩ জন।
এর আগে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করে জানায়, এতে তাদের বহু সেনা নিহত হয়েছে। পাকিস্তান সরকার অভিযোগ করেছে, ভারত বিএলএ-কে সমর্থন দিচ্ছে। তবে দিল্লি বারবার এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
বিএলএ অভিযোগ করে আসছে, পাকিস্তানের ফেডারেল সরকার দেশের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানের বিপুল খনিজ সম্পদ কাজে লাগালেও এর সুফল স্থানীয় জনগণ পায় না। স্থানীয় অধিকারকর্মীরাও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জোরপূর্বক গুমের অভিযোগ তুলেছেন, যদিও ইসলামাবাদ এসব অভিযোগ অস্বীকার করে আসছে।










