পরবর্তী দফা সফল হলে চাঁদে অবতরণকারী বিশ্বের পঞ্চম দেশ হতে চলেছে জাপান। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ৪২ মিনিটে দেশটির তানেগাশিমা রকেট স্টেশন ছাড়ে চন্দ্রযান এইচ-২এ। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা জেএএক্সএর বরাতে এ খবর দিয়েছে রয়টার্স।

সাম্প্রতিক সময়ে এ নিয়ে চতুর্থ দফার চেষ্টায় ভূপৃষ্ট ছাড়ল দূরপ্রাচ্যের দেশটির রকেট। জাপান এ মিশনের নাম দিয়েছে মুন স্নাইপার।

গত মাসে এক সপ্তাহের মাঝে তিনবার বাধাগ্রস্ত হয় জাপানের চন্দ্র অভিযান। খারাপ আবহাওয়ার কারণে প্রতিবারই শেষ মুহূর্তে পিছিয়ে যায় উড়ান।

জেএএক্সএ জানিয়েছে, উৎক্ষেপণের পর রকেট সফলভাবে স্মার্ট ল্যান্ডার ফর ইভেস্টিগেটিং মুনকে (স্লিম) উন্মুক্ত করেছে।

চন্দ্রপৃষ্ঠে লক্ষ্যস্থলের ১০০ মিটারের মধ্যে অবতরণ করবে ল্যান্ডার। আশা করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারির মধ্যে মহাকাশযানটি চাঁদে পৌঁছাবে।

ভারতের চন্দ্রযান-৩ চাঁদে অবতরণের দুই সপ্তাহ পর অভিযানের প্রথম দফা সফলভাবে সম্পন্ন করল জাপান। এছাড়া সপ্তাহ কয়েক আগে এক চেষ্টায় ব্যর্থ হয় রাশিয়া। চাঁদে আছড়ে পড়ে দেশটির পাঠানো যান।

এ যাত্রায় জাপানের খরচ হচ্ছে প্রায় ১০ কোটি ডলার।

চন্দ্র অভিযানের পাশাপাশি একই রকেট বহন করছে জেএএক্সএ, নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সির তৈরি একটি গবেষণা উপগ্রহ।