নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে দায়ের হওয়া মামলায় ট্রাম্পের দুই সহযোগী আটলান্টার কারাগারে আত্মসমর্পণ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার তারা আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারী দুজন হচ্ছেন ট্রাম্পের প্রাক্তন আইনজীবী জন ইস্টম্যান এবং রিপাবলিকান ভোটের পর্যবেক্ষক স্কট হল। খবর রয়টার্স। 

গণমাধ্যমটি জানায়, মামলায় অভিযুক্ত বাকি ১৭ জনও আগামী শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করবেন। তবে এর আগে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেন, আমি বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার জন্য জর্জিয়ার আটলান্টায় যাচ্ছি।’

এ অভিযোগের মাধ্যমে চলতি বছর ট্রাম্প চতুর্থবারের মত ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হন। ট্রাম্প তার বিরুদ্ধে আনা এ অভিযোগকে নির্বাচনী প্রচারণা বানচালের উদ্দেশ্যে পরিচালিত বলে উল্লেখ করেন। গত সপ্তাহে ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে জর্জিয়ায় হেরে যাওয়ায় ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, ট্রাম্পের বিরুদ্ধে আইনি ঝামেলা দিনের পর দিন বাড়লেও আগামী ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের মধ্যে তার জনপ্রিয়তা কমেনি। রিপাবলিকানের মধ্যে অন্য সব মনোনয়নপ্রত্যাশীদের চেয়ে ট্রাম্প এগিয়ে। ফৌজদারি মামলাগুলোতে অভিযুক্ত হওয়ার পর তার অবস্থান বরং আরো জোরালই হয়েছে।