রাশিয়ার রাজধানী মস্কোর একটি নির্মাণাধীন ভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। এ নিয়ে ছয়বার রাশিয়ার রাজধানীতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা ওই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। খবর বিবিসি।
রাশিয়ার কর্মকর্তারা দাবি করছেন, ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হলে প্রযুক্তির মাধ্যমে সেটি নিয়ন্ত্রণহীন করা হয়। পরে একটি বহুতল ভবনে সেটি বিধ্বস্ত হয়। শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মস্কো অঞ্চলের মোযহিস্ক এবং কিমকি জেলায় আরও দুটি হামলাকারী ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে।
এদিকে, স্থানীয় সময় বুধবারও মস্কোর সকল বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ করে রাখা হয়েছিল। এর আগেও কয়েক দফা মস্কোয় বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল।
রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, যে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল, বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে সেটাকে নিয়ন্ত্রণহীন করে ফেলা হয়। এরপর ওই ভবনে সেটা বিধ্বস্ত হয়ে পড়ে।
টেলিগ্রামে পোস্ট করা রাশিয়ার দৈনিক পত্রিকা ইজলেস্তিয়ার একটি ছবিতে দেখা যাচ্ছে, বিশাল একটি ভবনের সামনে ফায়ার সার্ভিস আর জরুরি সেবার অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। পাঁচ তলা ভবনটির কয়েকটি জানালা বিধ্বস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছেন, রাশিয়ায় ড্রোন হামলা চালানোর জন্য ওয়াশিংটন কাউকে উৎসাহিত করে না।
এর আগে মঙ্গলবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সলৎসি-২ বিমান ঘাটিতে ড্রোন হামলায় রাশিয়ার একটি দূরপাল্লার বোমারু বিমান তুপোলেভ তু-২২ ধ্বংস হয়ে গেছে। সেই সময়েও আরও দুটি হামলাকারী ড্রোন ধ্বংস করে দেয় রাশিয়া।সেই সঙ্গে ইউক্রেন সীমান্তের ব্রায়ানস্ক অঞ্চলে আরও দুটি ড্রোন ঠেকিয়ে দেয়া হয়েছে বলে রাশিয়ার সামরিক কর্মকর্তারা জানিয়েছিলেন।










