মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবারের (১৫ আগস্টের) বৈঠকে ইউক্রেনের পক্ষ নিয়ে কোনো মধ্যস্ততা করবেন না। বরং কিয়েভ নিজেই সিদ্ধান্ত নেবে, তারা রাশিয়ার সঙ্গে ভূখণ্ড বিনিময়ে রাজি হবে কি না। খবর রয়টার্স।

ট্রাম্প জানিয়েছেন, তার মূল লক্ষ্য হলো- উভয় পক্ষকে আলোচনার টেবিলে আনা। ভূখণ্ড বিনিময় সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত তখনই আলোচনায় আসবে।

মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, এই বিষয়গুলো আলোচিত হবে, কিন্তু এই সিদ্ধান্ত ইউক্রেনকেই নিতে হবে। আমি মনে করি, তারা সঠিক সিদ্ধান্ত নেবে। আমি ইউক্রেনের হয়ে আলোচনায় বসতে আসিনি, বরং তাদের আলোচনায় বসাতে এসেছি।

তার এই মন্তব্য ইউক্রেনকে কিছুটা আশ্বাস দেবে বলে ধারণা করা হচ্ছে। কারণ কিয়েভ আশঙ্কা করছিল- যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা এমন এক সমঝোতায় পৌঁছাতে পারে, যা তাদের ক্ষতির বিনিময়ে যুদ্ধকে স্থায়ীভাবে স্থবির করে দেবে।